আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী 0 রাজনীতি থেকে অবসরের সম্ভাবনা নাকচ করেছেন। তিনি জানিয়েছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের একা রেখে তিনি কোনোভাবেই বিশ্রামে যেতে পারেন না।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময়-কে দেওয়া লিখিত সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাৎকারের প্রথম পর্ব মঙ্গলবার (৯ জুন) প্রকাশিত হয়।
২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন ঘটে। এরপর থেকে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এবং নেতৃত্ব নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।
এর আগে তার ছেলে সজীব ওয়াজেদ জয় ইঙ্গিত দিয়েছিলেন যে, সাম্প্রতিক পরিস্থিতির কারণে শেখ হাসিনা রাজনীতি থেকে সরে যেতে পারেন। তবে সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি সেই ধারণা সম্পূর্ণভাবে নাকচ করেছেন।
শেখ হাসিনা বলেন, দেশের বর্তমান পরিস্থিতি এবং দলের নেতাকর্মীদের অবস্থার কথা বিবেচনা করে এখনই অবসরে যাওয়ার কোনো সুযোগ নেই। তার ভাষায়, “এমন একটা সময়ে আমি কীভাবে বলি, বিশ্রামে যাচ্ছি?”
তিনি আরও জানান, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল এবং নেতৃত্ব নির্বাচন হয় কাউন্সিল ও কর্মীদের মতামতের ভিত্তিতে। ভবিষ্যৎ নেতৃত্বও সেই প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে বলে তিনি উল্লেখ করেন।
দলের বর্তমান অবস্থাকে তিনি “প্রাকৃতিক শুদ্ধিকরণ” প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেন।
দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেন, জনগণের শক্তির ওপর ভর করে গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশ পুনর্গঠনের লক্ষ্য নিয়েই তিনি ভবিষ্যতে ফিরবেন।
