গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ভগবান শ্রীরামচন্দ্রের ছবি অবমাননা এবং নির্মাণাধীন বিগ্রহ ভাঙার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশ। সংগঠনটি ঘটনাটিকে ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য উদ্বেগজনক বলে উল্লেখ করেছে।
ইসকন বাংলাদেশের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, পলাশবাড়ীর শ্রীশ্রী রাধা-গোবিন্দ ও কালী মন্দিরে নির্মাণাধীন মর্যাদাপুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের বিগ্রহকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনাগুলো সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।
সংগঠনটির দাবি, একটি মিছিলে শ্রীরামচন্দ্রের ছবি অবমাননা করা হয়েছে এবং বিগ্রহ ভাঙার হুমকি দেওয়া হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের জন্য ক্ষতিকর বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
ইসকন বাংলাদেশ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। একই সঙ্গে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সংগঠনটি মনে করে, ধর্মীয় বিদ্বেষ ও উসকানিমূলক কর্মকাণ্ড দেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
প্রতিবাদলিপিতে দেশের সকল উপাসনালয়, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল ও ধর্মীয় অধিকার রক্ষায় প্রশাসনের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
ইসকন বাংলাদেশ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের প্রতি সাম্প্রদায়িক উসকানি ও ধর্মীয় বিদ্বেষমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে।
সংগঠনটি আশা প্রকাশ করেছে যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং দেশের শান্তি, সম্প্রীতি ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।
