নানি না থাকায় ৭ বছরের নাতনিকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫৩ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) সকালে দক্ষিণ রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তি কোদালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল কোদালা এলাকার বাসিন্দা।

অভিযোগ অনুযায়ী, গত ২০ জুলাই দুপুরে শিশুটির নানি পাশের বাড়িতে গেলে শিশুটি একা ঘরে ছিল। সেই সুযোগে অভিযুক্ত ব্যক্তি ঘরে প্রবেশ করেন। পরে শিশুটিকে পানি আনতে বলে কৌশলে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির বাবা প্রায় পাঁচ বছর ধরে নিখোঁজ। এক বছর আগে মা দ্বিতীয় বিয়ে করে চট্টগ্রাম শহরে বসবাস শুরু করেন। এরপর থেকে শিশুটি তার নানির কাছেই বড় হচ্ছিল। জীবিকার তাগিদে শিশুটির নানি গৃহপরিচারিকার কাজের পাশাপাশি ভিক্ষাবৃত্তিও করেন। অভিযুক্ত ব্যক্তি ওই বৃদ্ধার ছোট বোনের স্বামী।

ঘটনার পর ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে। এজাহারের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ জানিয়েছেন, শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে হাজির করার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।