পর্তুগালে জনপরিসরে মুখ ঢাকা নিষিদ্ধের বিল পাস, লঙ্ঘনে জরিমানার বিধান

লিসবন: দীর্ঘ প্রায় আট মাসের আলোচনা ও সংশোধনের পর জনপরিসরে মুখ ঢাকা নিষিদ্ধসংক্রান্ত একটি বিল চূড়ান্তভাবে অনুমোদন করেছে পর্তুগালের সংসদ। নতুন আইনে জনসমক্ষে এমনভাবে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করা হয়েছে, যাতে পরিচয় শনাক্ত করা সম্ভব না হয়। আইন লঙ্ঘনের ক্ষেত্রে আর্থিক জরিমানার বিধান রাখা হয়েছে।

সংসদে চূড়ান্ত অনুমোদন

শুক্রবার অনুষ্ঠিত চূড়ান্ত ভোটাভুটিতে বিলটির পক্ষে ভোট দেয় শেগা (Chega), ইনিশিয়াতিভা লিবারাল (Iniciativa Liberal), সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (PSD) এবং সিডিএস-পি.পি. (CDS-PP)। অন্যদিকে বামপন্থী দলগুলোর সংসদ সদস্যরা বিলটির বিরোধিতা করেন।

বিলটি প্রথম উত্থাপন করে ডানপন্থী দল শেগা। এর আগে সাংবিধানিক বিষয়ক কমিটিতেও এটি অনুমোদন পেয়েছিল।

কত জরিমানা করা হবে?

নতুন আইনে জনপরিসরে মুখ ঢেকে রাখার নিয়ম ভঙ্গ করলে ১৫০ থেকে ৭৫০ ইউরো পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। আর ইচ্ছাকৃতভাবে বা গুরুতর পরিস্থিতিতে আইন লঙ্ঘনের ক্ষেত্রে ৪০০ থেকে ৩ হাজার ইউরো পর্যন্ত জরিমানা করা যেতে পারে।

কেন আনা হলো এই আইন?

২০২৫ সালের অক্টোবরে নীতিগত অনুমোদন পাওয়ার পর বিলটি দীর্ঘ সময় ধরে পর্যালোচনা ও সংশোধনের মধ্যে ছিল। চলতি বছরের জুনে পিএসডি নিরাপত্তা ও জনশৃঙ্খলাকে অগ্রাধিকার দিয়ে একটি বিকল্প খসড়া উপস্থাপন করে। পরে শেগাও তাদের মূল প্রস্তাবে পরিবর্তন আনে।

চূড়ান্ত খসড়ায় বলা হয়েছে, নিরাপত্তা ও জনশৃঙ্খলা নিশ্চিত করার স্বার্থে জনপরিসরে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে বয়স, লিঙ্গ, ধর্মীয় পরিচয় বা জাতিগত উৎসের ভিত্তিতে কাউকে জোরপূর্বক মুখ ঢাকতে বাধ্য করা যাবে না বলেও উল্লেখ করা হয়েছে।

নতুন আইন কার্যকর হওয়ার পর এর বাস্তবায়ন ও প্রয়োগসংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যায়ক্রমে প্রকাশ করবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স