পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রোববার (৯ আগস্ট) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

তবে বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পররাষ্ট্রমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের এই বৈঠকটি পূর্বনির্ধারিত ছিল। ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সাম্প্রতিক সময়ে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই বৈঠকটি অনুষ্ঠিত হলো।

বিশেষ করে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে দুই দেশের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই বক্তব্যের আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই।

এদিকে বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে গঠনমূলক ও পারস্পরিক স্বার্থভিত্তিক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিচ্ছে। পানি, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয় আলোচনার মাধ্যমে সমাধানের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

চলমান কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে বৈঠকে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত বা নতুন সমঝোতা হয়েছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।