কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস, পুরোহিত প্রবেশের অনুমতি চেয়ে আবেদন

চট্টগ্রাম: রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রয়াত মায়ের আদ্যশ্রাদ্ধ কারাগারের ভেতরেই সম্পন্ন করতে চান। এ জন্য ধর্মীয় বিধিবিধান মেনে আনুষ্ঠানিকতা পালনের উদ্দেশ্যে একজন পুরোহিতকে কারাগারে প্রবেশের অনুমতি দেওয়ার আবেদন করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, আগামী ২০ সেপ্টেম্বর কারাগারের নির্ধারিত স্থানে মায়ের আদ্যশ্রাদ্ধের আয়োজন করার অনুরোধ জানানো হয়েছে। এ উপলক্ষে প্রয়োজনীয় ধর্মীয় সামগ্রীসহ পুরোহিত হারাধন রুদ্রকে কারাগারে প্রবেশের অনুমতি দেওয়ার আবেদন করেছেন চিন্ময় কৃষ্ণ দাসের বড় ভাই রঞ্জন কুমার ধর

এর আগে মায়ের মৃত্যুর পর শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য শর্তসাপেক্ষে প্যারোলে কারাগার থেকে বের হওয়ার সুযোগ পেয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস। এবার মায়ের আদ্যশ্রাদ্ধের ধর্মীয় আনুষ্ঠানিকতা কারাগারের ভেতর থেকেই সম্পন্ন করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

পরিবারের পক্ষ থেকে করা আবেদনের পরিপ্রেক্ষিতে কারাগারের প্রচলিত বিধিবিধান ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কারাগারের ভেতরে ধর্মীয় আচার পালনের জন্য পুরোহিতকে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে এখন কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে পরিবার।